আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক সেরে নিয়েছেন। এবার নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর—এই তিন সাংগঠনিক জেলায় কোর কমিটি গঠন করা হল।
দলের এক্স হ্যান্ডলে প্রকাশিত তালিকা অনুযায়ী, বারাসতে ১৬ সদস্যের কোর কমিটি গড়া হয়েছে। আহ্বায়ক হয়েছেন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-কে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হন তিনি। ভোটের আগে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও বহরমপুরেও পৃথক নির্বাচনী কোর কমিটি ঘোষণা করেছে তৃণমূল। জঙ্গিপুরে ১০ জন এবং বহরমপুরে ১৬ জনের টিম তৈরি হয়েছে। এই দুই অঞ্চল দীর্ঘদিন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে গত লোকসভা নির্বাচনে বহরমপুরে জয় পেয়ে সংগঠনের শক্তি প্রদর্শন করেছে তৃণমূল।
দলীয় সূত্রে খবর, ছাব্বিশের ভোটে কোনও ঢিলেমি না রেখে বুথভিত্তিক প্রস্তুতি, সমন্বয় এবং সাংসদদের দায়িত্ব বাড়িয়ে নির্বাচনী রণকৌশল সাজানো হচ্ছে। সংগঠনকে আগাম মজবুত করতেই এই কোর কমিটি গঠন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।