তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ভোটব্যাঙ্কে নজর রেখে দোলের পর নতুন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৮৪টি তফসিলি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে বিশেষ প্রচার চালানো হবে বলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার কলকাতার নজরুল মঞ্চ-এ ‘তফসিলি সংলাপ’ কর্মসূচিতে তফসিলি নেতা-কর্মীদের বৃহত্তর সমাবেশে তিনি জানান, দলীয় তরফে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। প্রতিটি গাড়িতে তিন থেকে চার জন থাকবেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাজের খতিয়ান তুলে ধরবেন।
সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তফসিলি ও আদিবাসীদের উপর অত্যাচার বেড়েছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টের উল্লেখ করে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ তফসিলিদের উপর অত্যাচারের নিরিখে শীর্ষে রয়েছে। তাঁর কথায়, “এই বিজেপি বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান সংশোধন করে তফসিলিদের অধিকার কেড়ে নিতে চায়।”
অন্যদিকে, তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৭০০ টাকা হয়েছে বলেও জানান তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের বার্তা, “বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তফসিলিদের জন্য কী করেছে, তা মানুষের সামনে তুলে ধরতে হবে।” একই সঙ্গে আত্মতুষ্টি এড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “বুথে ১০০ ভোটে জেতার আত্মবিশ্বাস থাকলে ২০০ করার চেষ্টা করুন।”
বিজেপির রথযাত্রা কর্মসূচিকেও কটাক্ষ করেন অভিষেক। তাঁর মন্তব্য, “আষাঢ়-শ্রাবণে রথযাত্রা হয়। ফেব্রুয়ারিতে রথযাত্রা আবার কী?” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।” বাংলায় বিজেপিকে রুখে দেওয়া গেলে কেন্দ্রে তাদের সরকার টিকবে না বলেও দাবি করেন তিনি।
দোলের পর থেকেই তফসিলি অধ্যুষিত এলাকাগুলিতে বাড়ি বাড়ি প্রচার শুরু হবে বলে দলীয় সূত্রে খবর।