প্রথম পাতা খবর পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

11 views
A+A-
Reset

কলকাতা: বিধানসভা ভোটের আগে পাহাড়ে বড় রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং—এই তিনটি গুরুত্বপূর্ণ আসনে নিজেদের প্রার্থী না দিয়ে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।

সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘোষণা করা হয়, রাজ্যের মোট ২৯১টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, আর পাহাড়ের তিনটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে BGPM-কে।

প্রার্থী তালিকা প্রকাশের আগে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমরা জিতবই। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি, ওরা বসন্তের কোকিল।” একইসঙ্গে যাঁদের প্রার্থী করা হয়নি, তাঁদের দলীয় কাজে যুক্ত করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পরই পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে অনীত থাপার দল। দার্জিলিংয়ে বিজয়কুমার রাই, কালিম্পংয়ে রুদেন সদা লেপচা এবং কার্শিয়াংয়ে অমর লামাকে প্রার্থী করা হয়েছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল—তৃণমূল কি আলাদা প্রার্থী দেবে, নাকি BGPM-কে সমর্থন করবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।

গত কয়েক বছরে পাহাড়ের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। বিমল গুরুং পরবর্তী সময়ে অনীত থাপাই এখন পাহাড়ের প্রধান রাজনৈতিক মুখ। জিটিএ ও দার্জিলিং পুরসভা ইতিমধ্যেই BGPM-এর দখলে রয়েছে। উন্নয়নমূলক কাজেও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে এই দল। এদিকে, প্রার্থী ঘোষণা হওয়ার পরই পাহাড়ে জোরদার প্রচার শুরু করেছে BGPM। বিভিন্ন এলাকায় ব্যানার, ফ্লেক্স তৈরির পাশাপাশি মঙ্গলবার থেকে পোস্টারিং ও পতাকা লাগানোর কাজও শুরু হবে বলে জানা গিয়েছে। ফলে পাহাড়ে এবার তৃণমূলের সমর্থনে BGPM বনাম বিজেপির লড়াই আরও জমে উঠতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.