প্রথম পাতা খবর তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আজ থেকেই ট্রাইবুনালে আবেদন শুরু

তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আজ থেকেই ট্রাইবুনালে আবেদন শুরু

12 views
A+A-
Reset

শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি চালু করা হয়েছে ট্রাইবুনাল পোর্টাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে গিয়েও আবেদন জমা দেওয়া যাবে।

অনলাইনে আবেদন করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘Submit Appeal for Individuals (Under Adjudication)’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলবে। সেখানে মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর নাম বাদ পড়া ভোটারের এপিক নম্বরের তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে ভোটারের পিনকোড-সহ সম্পূর্ণ ঠিকানা (২৫০ শব্দের মধ্যে) দিতে হবে। পাশাপাশি আপিলের সংক্ষিপ্ত বিবরণ ১০০০ শব্দের মধ্যে এবং আবেদন করার কারণ ৫০০ শব্দের মধ্যে উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।

শুধু অনলাইন নয়, মহকুমা শাসকের দপ্তরে সরাসরি গিয়েও সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে আবেদন করা যাবে বলে জানিয়েছে কমিশন। শীঘ্রই ট্রাইবুনালের কাজ শুরু হবে। ইতিমধ্যেই ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়েছে।

এদিকে ট্রাইবুনাল চালু করার পাশাপাশি তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন। জানা গিয়েছে, এই তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে। সেই অনুযায়ী আজ, রবিবার চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত তালিকায় মোট কত নাম যুক্ত হয়েছে বা কত নাম বাদ গিয়েছে, সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। সূত্রের খবর, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের শেষে প্রায় ৪৫ শতাংশ নাম বাদ গিয়েছে, যার সংখ্যা প্রায় ১৪ লক্ষ। এর মধ্যে সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু ভোটার বলে জানা গিয়েছে। তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকার ক্ষেত্রেও সম্পূর্ণ তথ্য এখনও স্পষ্ট নয়। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্ট-এর নির্দেশ মেনে ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.