আসন্ন বিধানসভা ভোটের আগে পরিকাঠামো আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আরও ৪৬৬০টি নতুন ভোটকেন্দ্র তৈরির অনুমতি দেওয়া হয়েছে। ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১ থেকে বেড়ে দাঁড়াবে ৮৫,৩৭৯-এ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গিয়েছে, সেখানে অতিরিক্ত সহায়ক বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ৩২১টি বুথের স্থান পরিবর্তনও করা হচ্ছে।
এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশন-এর সদর দফতর ‘নির্বাচন সদন’ থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-এর দফতরকে জানানো হয়েছে, নতুন বুথ তৈরির ক্ষেত্রে ২০২০ সালের নির্ধারিত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলতে হবে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব বুথের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিটি ভোটারকে ব্যক্তিগতভাবে জানাতে হবে। একজন ভোটারও যাতে এই পরিবর্তনের খবর না পেয়ে না থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, নতুন বুথ তৈরি এবং স্থান পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়াও, সমস্ত রাজনৈতিক দলকে লিখিতভাবে নতুন বুথ সংক্রান্ত তথ্য জানাতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদেরও বিষয়টি অবগত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশন একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে।
ইতিমধ্যেই জানানো হয়েছে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা নজরদারি ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এই আবহেই শনিবার থেকে জেলা সফর শুরু করছেন সিইও মনোজকুমার আগরওয়াল। ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি বিভিন্ন জেলায় পরিদর্শনে যাবেন। কমিশনের এই একাধিক পদক্ষেপে রাজ্যে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার চেষ্টা স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।