প্রথম পাতা খবর এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের ইঙ্গিত! দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের ইঙ্গিত! দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

12 views
A+A-
Reset

এপ্রিলের শুরুতেই গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। অন্যদিকে কলকাতা শহরেও পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার কারণে রোদের তেজ আরও বাড়বে এবং তার জেরে অস্বস্তিও বাড়বে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরমের তীব্রতা আরও বাড়বে। ইতিমধ্যেই একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় এই সতর্কতা জারি হয়েছে। শুক্রবার থেকে সেই তালিকায় যোগ হচ্ছে কলকাতা-সহ আরও কয়েকটি জেলা।

তবে সপ্তাহের শেষে আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে, সপ্তাহের প্রথম ভাগে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকলেও সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.