গত কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রয়েছে গোটা বাংলা। দিনের শুরুতে রোদ ঝলমলে আকাশ থাকলেও সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে বুধবার সকাল থেকেই মুখভার আকাশ, আর তাতেই বাড়ছে আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে এই অস্থির আবহাওয়া।
বুধবার পূর্ব বর্ধমান ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার গোটা রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস।