প্রথম পাতা খবর ‘জেতার পর মিষ্টি খাওয়াব, তবে দিল্লি কা লাড্ডু নয়!’ দিল্লিতে দাঁড়িয়ে ২০২৬-এর আগাম জয়ের হুঙ্কার মমতার, নস্যাৎ করলেন কংগ্রেস জোট

‘জেতার পর মিষ্টি খাওয়াব, তবে দিল্লি কা লাড্ডু নয়!’ দিল্লিতে দাঁড়িয়ে ২০২৬-এর আগাম জয়ের হুঙ্কার মমতার, নস্যাৎ করলেন কংগ্রেস জোট

17 views
A+A-
Reset

নয়াদিল্লি: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে এক সাংবাদিক বৈঠক থেকে রাজধানী দিল্লির সংবাদমাধ্যমকে আগাম জয়ের মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে রাখলেন তিনি। বৈঠকের শেষে মেজাজি ঢঙে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আবার দেখা হবে জেতার পরে। তখন ভাল মিষ্টি খাওয়াব। তবে ‘দিল্লি কা লাড্ডু’ নয়।’’

২০২৬-এর আসন সংখ্যা নিয়ে বড় দাবি: বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে, সেই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ‘‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এটুকু বলতে পারি, আরও বেশি আসন নিয়ে জিতব।’’ উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন যে ২০২৬-এ তৃণমূলের আসন এবং ভোট শতাংশ দুই-ই বাড়বে। এদিনের মমতার কথায় সেই সুরই প্রতিধ্বনিত হলো।

কংগ্রেসের সাথে কি জোট হচ্ছে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা হবে কি না, সেই ধোঁয়াশা এদিন পুরোপুরি কাটিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘‘তৃণমূল একাই লড়তে পারে। আর ওখানে (পশ্চিমবঙ্গে) আমাদের বিরুদ্ধেই সবাই লড়ে।’’ শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর তৃণমূলের প্রতি ‘নরম’ মনোভাবের যে জল্পনা তৈরি হয়েছিল, মমতার এই মন্তব্যে তাতে জল পড়ে গেল।

এসআইআর ইস্যু ও রাজনৈতিক লড়াই: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর ফলে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নাম বাদ যাওয়া নিয়ে কড়া সুর চড়িয়েছেন মমতা। তাঁর হুঁশিয়ারি, ‘‘মাঠ ছাড়ব না। ওটা পার্টিতে আলোচনা করে রণনীতি ঠিক করে নেব। বাংলায় বিজেপি আসবে না, কারণ মানুষ বিজেপি-কে ঘৃণা করে।’’ এদিন এসআইআরের ফলে আক্রান্ত পরিবারগুলিকেও সংবাদমাধ্যমের সামনে হাজির করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.