প্রথম পাতা খবর সুপ্রিম কোর্টে খোদ মমতা! কাল নিজেই করবেন সওয়াল? তুঙ্গে জল্পনা, মিলেছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র

সুপ্রিম কোর্টে খোদ মমতা! কাল নিজেই করবেন সওয়াল? তুঙ্গে জল্পনা, মিলেছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র

148 views
A+A-
Reset

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে চলা বিতর্ক এবার সর্বোচ্চ আদালতের এজলাসে এক ঐতিহাসিক মোড় নিতে চলেছে। জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আইনজীবী হিসেবে না হলেও সাধারণ নাগরিক ও মূল আবেদনকারী হিসেবে তিনি নিজের মামলা নিজেই সওয়াল করতে পারেন বলে জোরালো জল্পনা তৈরি হয়েছে।

সোমবার জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। যেহেতু তিনি জেড প্লাস (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই সুপ্রিম কোর্ট চত্বরে তাঁর প্রবেশের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে বলে খবর। মমতার সঙ্গে থাকতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ভোটার তালিকা সংশোধন নিয়ে মানুষকে যে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি আদালতে মানুষের হয়ে কথা বলবেন। তিনি বলেছিলেন, “আইনজীবী আছি আমি, তবে নাগরিক হিসেবে গিয়েও নিজের কথা বলতে পারি।” যদিও সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত আইনজীবী না হলে তিনি পেশাদার আইনজীবী হিসেবে সওয়াল করতে পারবেন না, তবে আবেদনকারী হিসেবে নিজের বক্তব্য পেশ করার অধিকার তাঁর রয়েছে।

এদিকে মমতার এই সম্ভাব্য পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে, আদালত একটি জনপরিসর এবং সেখানে যে কেউ যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক পদমর্যাদাকে লঘু করছেন। বিকাশবাবুর দাবি, সব রীতিনীতি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় কি কাল কালো কোট পরে পেশাদার মেজাজে ধরা দেবেন, নাকি সাধারণ নাগরিক হিসেবেই সওয়াল করবেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক ও আইনজ্ঞ মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.