দু’দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হলেও ভোটগণনার আগেই নতুন করে আইনি জট তৈরি হয়েছে। আগামী ৪ মে ভোটগণনার আগে নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে জোড়া মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলির শুনানি আজ দুপুর ২টার পর বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথম মামলাটি দায়ের করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত একতরফা এবং অযৌক্তিক। এই সিদ্ধান্তে পক্ষপাতের সম্ভাবনা রয়েছে বলেই দাবি করে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
অন্যদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, হঠাৎ করে গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন করা হচ্ছে, যা স্বচ্ছ ভোটগণনা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই বিষয়েও তিনি আদালতের নজরদারি দাবি করেছেন।
উল্লেখযোগ্যভাবে, এবারের নির্বাচনে গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের জন্য এবার ৮৭টি কেন্দ্রে গণনা হবে, যেখানে আগের নির্বাচনে ছিল ১০৮টি কেন্দ্র। এই সিদ্ধান্ত নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। প্রথম দফার ভোট হয়েছিল ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এখন সবার নজর ৪ মে-র ভোটগণনার দিকে। তার আগে এই আইনি লড়াই কোন দিকে গড়ায়, তা নিয়েই কলকাতা-সহ গোটা রাজ্যের রাজনৈতিক মহলে চরম কৌতূহল।