প্রথম পাতা খবর পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে উঠল আদর্শ আচরণবিধি, বহাল থাকছে ফলতায়

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে উঠল আদর্শ আচরণবিধি, বহাল থাকছে ফলতায়

9 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট) তুলে নিল নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই এমসিসি কার্যকর হয়েছিল। গত ৪ মে ফল প্রকাশের পর এবার আনুষ্ঠানিক ভাবে সেই বিধি প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করল কমিশন।

তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এখনও এমসিসি বহাল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ ওই কেন্দ্রে ভোট বাতিল হয়ে যাওয়ায় আগামী ২১ মে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশ হবে ২৪ মে। সেই কারণেই আপাতত ফলতা কেন্দ্রে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ফলতা কেন্দ্রে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। পুনর্নির্বাচনের দাবিও জানানো হয় কমিশনের কাছে। এরপর বিভিন্ন বুথের পরিস্থিতি খতিয়ে দেখে স্ক্রুটিনি চালায় নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় পর্যবেক্ষণে যান কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর রিপোর্টের ভিত্তিতেই ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

এর আগে গত ২ মে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন হয়েছিল। তবে সম্পূর্ণ বিধানসভা কেন্দ্র হিসেবে শুধুমাত্র ফলতায় ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, পুনর্নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

এ ছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার কয়েকটি উপনির্বাচনী কেন্দ্রেও আদর্শ আচরণবিধি কার্যকর ছিল। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ায় সেখান থেকেও এমসিসি তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.