প্রথম পাতা খবর এসআইআর ট্রাইবুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের

এসআইআর ট্রাইবুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের

10 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে প্রশাসনিক ও আইনি মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম-সহ মোট ১৯ জন প্রাক্তন বিচারপতি ছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার সময় যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের আবেদন শুনে নিষ্পত্তির দায়িত্বে ছিল এই ট্রাইবুনাল। কলকাতার জোকায় ডায়মন্ড হারবার রোডের উপর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ ভবনে ট্রাইবুনালের দফতর তৈরি করা হয়েছিল।

শুধু ট্রাইবুনালেই নয়, আবেদন নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করতে গঠিত তিন সদস্যের বিশেষ কমিটিতেও ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে গঠিত ওই কমিটিতে আরও ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং প্রণবকুমার দেব।

সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন গ্রহণ হলে বাদ পড়া ভোটারদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রথম দফার ভোটের আগে ২১ এপ্রিল পর্যন্ত গৃহীত আবেদনকারীদের নাম চূড়ান্ত তালিকায় তোলার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর ছিল। এই ট্রাইবুনালের মাধ্যমে বহু বাদ পড়া ভোটার পুনরায় ভোটাধিকার ফিরে পান। ঠিক সেই সময়েই শিবজ্ঞানমের ইস্তফা গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। যদিও তাঁর পদত্যাগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.