আলিপুর আবহাওয়া দফতরের তরফে রবিবার বিকেলের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
তাপমাত্রার দিক থেকেও পশ্চিমের জেলাগুলিতে গরমের দাপট কিছুটা অব্যাহত থাকতে পারে। সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতাবাসীর জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যার দিকে শহর ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু আজই নয়, আগামী দুদিনও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে আরও বেশি সক্রিয় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১৮ ও ১৯ মে কিছুটা বৃষ্টি কমলেও, ২০ মে থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। ২১ থেকে ২৩ মে-র মধ্যে আবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।