প্রথম পাতা খবর স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান মোদির ঝুলিতে, আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা পৌঁছল ৩৩-এ

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান মোদির ঝুলিতে, আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা পৌঁছল ৩৩-এ

11 views
A+A-
Reset

নয়াদিল্লি: বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রীয় সম্মান অর্জনের ধারাবাহিকতা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে স্লোভাকিয়া সফরে থাকা প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ প্রদান করা হয়েছে। এর ফলে গত ১২ বছরে আন্তর্জাতিক স্তরে প্রাপ্ত সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ।

স্লোভাকিয়ায় পৌঁছনোর পর ঐতিহ্য মেনে প্রধানমন্ত্রীকে রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয় দেশের সর্বোচ্চ সম্মান। এই স্বীকৃতির মাধ্যমে ভারত-স্লোভাকিয়া সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোদি। তারই স্বীকৃতি হিসেবে একাধিক দেশ তাঁকে তাদের সর্বোচ্চ নাগরিক বা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছে। ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ দিয়ে এই যাত্রার সূচনা। এরপর প্যালেস্টাইনের ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’, সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’, বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’-সহ একাধিক মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন তিনি।

এছাড়াও রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ এবং গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-এর মতো সম্মানও তাঁর ঝুলিতে রয়েছে। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার নজিরও গড়েছেন তিনি।

চলতি বছরে এটি মোদির তৃতীয় আন্তর্জাতিক সম্মান। এর আগে তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ লাভ করেছিলেন।

নতুন সম্মান পাওয়ার পর এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “বাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার জনগণ ও সরকারকে ধন্যবাদ। এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের। ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের উদ্দেশেই আমি এই সম্মান উৎসর্গ করছি।”

উল্লেখ্য, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে একটানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার রেকর্ড গড়ার পরই বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর সেই সফরেই যুক্ত হল আরও এক আন্তর্জাতিক সম্মান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.