কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই কলকাতা হাই কোর্টে পৌঁছে তিনি ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে একটি ইলেকশন পিটিশন সংক্রান্ত হলফনামা দাখিল করেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিন আদালতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সাংসদ দোলা সেন।
হাই কোর্টে মমতার উপস্থিতি ঘিরে আদালত চত্বরে কৌতূহল তৈরি হয়। পরে তাঁর আইনজীবী সূত্রে জানা যায়, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফল সংক্রান্ত ইলেকশন পিটিশনের অংশ হিসেবেই হলফনামা জমা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এটি প্রথম নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এখনও বিচারাধীন। ফলে পরপর দু’বার শুভেন্দুর কাছে পরাজয়ের পর দুই ক্ষেত্রেই আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রামের পর এবার ভবানীপুরের ফল নিয়েও আদালতের দ্বারস্থ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে। অন্যদিকে, ভবানীপুরে জয়ের পর বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, গত ১৪ মে ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় সওয়াল করতে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আদালত চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। সেই ঘটনার প্রায় এক মাস পর ফের হাই কোর্টে এসে নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিলেন তিনি।