প্রথম পাতা খবর অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের সব পদ ছাড়লেন জ্যোতিপ্রিয়, ইস্তফা শিলিগুড়ির মেয়র গৌতম দেবেরও

অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূলের সব পদ ছাড়লেন জ্যোতিপ্রিয়, ইস্তফা শিলিগুড়ির মেয়র গৌতম দেবেরও

8 views
A+A-
Reset

কলকাতা: একদিনে তৃণমূলে জোড়া ধাক্কা। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, শিলিগুড়ির মেয়র পদ থেকেও ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমার সুগার ৩৫০-এর উপরে। কিডনিরও সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় দলের দায়িত্ব ঠিকমতো পালন করা সম্ভব নয়। তাই সমস্ত পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয়। উল্লেখযোগ্যভাবে, মাত্র এক সপ্তাহ আগেই তাঁকে দলের কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সেই সিদ্ধান্তের অল্পদিনের মধ্যেই তাঁর পদত্যাগ রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।

অন্যদিকে, শিলিগুড়ির মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন গৌতম দেব। তিনি পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েক দিন ধরেই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনারই অবসান হল।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের বিভিন্ন স্তরে রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নামও।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একের পর এক পদত্যাগ তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও দলীয় নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.