প্রথম পাতা খবর বর্ষার ছোঁয়ায় ভিজল কলকাতা, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বর্ষার ছোঁয়ায় ভিজল কলকাতা, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

11 views
A+A-
Reset

কলকাতা: অবশেষে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আষাঢ়ের শুরুতে অপেক্ষার পর শুক্রবার সকাল থেকেই বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতা। ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ, সকাল থেকে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। এর ফলে গত কয়েক দিনের অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির জেরে আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী ২৬ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পাঁচ জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিংয়ে আগামী তিন দিন, কালিম্পং ও কোচবিহারে তিন দিন এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পাঁচ দিন পর্যন্ত ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে ২০ জুন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে গরমের হাত থেকে স্বস্তি মিললেও জল জমা ও দুর্যোগজনিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.