প্রথম পাতা খবর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন তপোব্রত চক্রবর্তী, শনিবার থেকেই দায়িত্ব গ্রহণ

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন তপোব্রত চক্রবর্তী, শনিবার থেকেই দায়িত্ব গ্রহণ

9 views
A+A-
Reset

কলকাতা: কলকাতা হাই কোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (অ্যাক্টিং চিফ জাস্টিস) হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পালের অবসরের পর শনিবার, ২১ জুন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

কেন্দ্রীয় আইন মন্ত্রক শুক্রবার এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ২২৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। বিচারপতি সুজয় পালের অবসর গ্রহণের পর থেকেই তিনি এই দায়িত্ব সামলাবেন।

সাধারণত হাই কোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য হলে বয়ঃজ্যেষ্ঠ বিচারপতিকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়ম অনুসারেই বিচারপতি চক্রবর্তীর নিয়োগ হয়েছে।

একাধিক গুরুত্বপূর্ণ রায়ে আলোচনায়

বিচারপতি তপোব্রত চক্রবর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায়ের জন্য বিশেষভাবে পরিচিত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছিল তাঁর ডিভিশন বেঞ্চ। সেই রায়ে চাকরিপ্রার্থীদের চাকরি বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে আদালত এই সিদ্ধান্ত নেয়। বর্তমানে সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এ ছাড়াও রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিলেন বিচারপতি চক্রবর্তী। ২০১০ সালের পর পশ্চিমবঙ্গে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল তাঁর বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল, সংশ্লিষ্ট সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকাভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমীক্ষা ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পরে বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়ায়।

বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিদের ফেরানোর নির্দেশ

গত বছর বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সুনালি বিবি-সহ ছয় জনকে দেশে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছিল বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ। আদালতের নির্দেশের পর অন্তঃসত্ত্বা সুনালি বিবিকে ভারতে ফিরিয়ে আনা হয়। মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্নে এই নির্দেশ বিশেষ গুরুত্ব পেয়েছিল।

দীর্ঘ আইনজীবী ও বিচারপতি জীবনের অভিজ্ঞতা

১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ১৯৯১ সালে আইনজীবী হিসেবে তাঁর নাম নথিভুক্ত হয়। প্রায় ২২ বছর কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার পর ২০১৩ সালে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালে কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। এবার তিনি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

কলকাতা হাই কোর্টের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে তাঁর নতুন ভূমিকার দিকে এখন নজর থাকবে আইনজীবী মহল এবং রাজ্যের রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.