কলকাতা: তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত সমস্ত ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিল পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা বা অন্য কোনও আর্থিক লেনদেন স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের দায়ের করা অভিযোগ থেকে। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশের সাইবার থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, পদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টগুলিতে জমা রয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেনও হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, দ্রুত পদক্ষেপ না করা হলে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্যপ্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল। পুলিশ সেই আবেদনের ভিত্তিতেই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে যে তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস একটি বেসরকারি ব্যাঙ্কের কাছে চিঠি লিখে দলের অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। গত ৫ জুন দলের সাংগঠনিক রদবদলে তাঁর জায়গায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী-কে কোষাধ্যক্ষ করা হলেও ব্যাঙ্কের নথিতে এখনও আর্থিক লেনদেনের অনুমোদিত স্বাক্ষরকারী বা ‘সিগনেটরি’ হিসেবে অরূপের নামই রয়েছে।
অরূপের আশঙ্কা, দলের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতিতে ওই অ্যাকাউন্টগুলিতে আর্থিক লেনদেন চলতে থাকলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে। সেই কারণেই তিনি অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন বলে সূত্রের দাবি।
এদিকে পুলিশের তদন্ত এবং অ্যাকাউন্টে লেনদেন স্থগিতের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।