প্রথম পাতা খবর টিকিট ছাড়া রেল যাত্রায় দ্বিগুণ জরিমানা, বাড়ল একাধিক শাস্তির অঙ্ক

টিকিট ছাড়া রেল যাত্রায় দ্বিগুণ জরিমানা, বাড়ল একাধিক শাস্তির অঙ্ক

9 views
A+A-
Reset

নয়াদিল্লি: ট্রেনে যাত্রার সময় নিয়ম ভাঙলে এবার আর রেহাই নেই। টিকিট ছাড়া ট্রেনে ওঠা, অন্যের টিকিট ব্যবহার, সংরক্ষিত কামরায় বেআইনি প্রবেশ, ধূমপান বা যাত্রীদের অসুবিধার কারণ হলে মোটা জরিমানা গুনতে হবে। ২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় জরিমানার অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারতীয় রেল। শনিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টিকিটবিহীন যাত্রার ক্ষেত্রে। এতদিন টিকিট ছাড়া ট্রেনে ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা দিতে হত। এখন সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫০০ টাকা। রেলের দাবি, টিকিটবিহীন যাত্রা কমানো এবং রাজস্ব ক্ষতি রোধ করতেই এই পদক্ষেপ।

নতুন নিয়ম অনুযায়ী, অন্য কারও টিকিট ব্যবহার করে যাত্রা করলে সংশ্লিষ্ট টিকিট বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি অন্তত ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে। ট্রেন বা স্টেশনে অনুমতি ছাড়া পণ্য বিক্রি করা কিংবা ভিক্ষাবৃত্তি করলেও ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।

রেল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের স্বার্থে অসভ্য আচরণের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠা, অশান্তি সৃষ্টি করা, থুতু ফেলা বা অন্য যাত্রীদের বিরক্ত করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা বেড়ে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে।

মহিলা সংরক্ষিত কামরা বা সংরক্ষিত আসনে বেআইনি ভাবে প্রবেশ করলে পুরুষ যাত্রীদের ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ট্রেন বা স্টেশন চত্বরে ধূমপান করলে গুনতে হবে ২,০০০ টাকা জরিমানা।

এছাড়া বিস্ফোরক, দাহ্য বা অন্য কোনও বিপজ্জনক সামগ্রী নিয়ে যাত্রা করলে ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। গুরুতর ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

ভারতীয় রেলের বক্তব্য, নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ। যাত্রীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.