প্রথম পাতা খবর গার্ডেনরিচ-তারাতলার ঘটনার পর কড়া পদক্ষেপ, এক মাস বন্ধ জি+৫ বেসরকারি বাণিজ্যিক বহুতল নির্মাণ

গার্ডেনরিচ-তারাতলার ঘটনার পর কড়া পদক্ষেপ, এক মাস বন্ধ জি+৫ বেসরকারি বাণিজ্যিক বহুতল নির্মাণ

15 views
A+A-
Reset

কলকাতা: গার্ডেনরিচ, তারাতলা-সহ একাধিক নির্মাণ বিপর্যয়ের ঘটনার পর বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কলকাতা ও সংলগ্ন একাধিক পুর এলাকায় নির্মীয়মাণ জি+৫ বা তার বেশি উচ্চতার বেসরকারি বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ আপাতত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিশেষ অডিট কমিটি সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পগুলির নকশা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।

শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালি এলাকায় জি+৫ বেসরকারি বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ আগামী এক মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।

সরকার ইতিমধ্যেই ১১ সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করেছে। এই কমিটি সংশ্লিষ্ট বহুতলগুলির নকশা, নির্মাণমান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। গুরুতর অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদন বাতিল করা হতে পারে। তুলনামূলক কম ত্রুটি থাকলে নির্মাণকারী সংস্থাকে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, অডিট কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী ১ আগস্ট থেকে পুনরায় নির্মাণকাজ শুরু করা যাবে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে ৯০ দিন সময় দেওয়া হয়েছে।

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য নগরায়ণ প্রক্রিয়া থামানো নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তাই এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বেসরকারি বাণিজ্যিক বহুতলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ মানুষের বসতবাড়ির নির্মাণ বা সংস্কারের কাজ এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে নির্মাণ শিল্পে সাময়িক প্রভাব পড়লেও, ভবিষ্যতে নিরাপদ ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.