প্রথম পাতা খবর সরকারি ছুটির দিনেও চলবে প্রশাসনিক কাজ, নবান্নের কর্মীদের জন্য নতুন নির্দেশ

সরকারি ছুটির দিনেও চলবে প্রশাসনিক কাজ, নবান্নের কর্মীদের জন্য নতুন নির্দেশ

22 views
A+A-
Reset

কলকাতা: সরকারি ছুটির দিনেও যাতে প্রশাসনিক কাজে কোনও ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতরের কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও রোস্টার অনুযায়ী কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা প্রায়শই ছুটির দিনেও জরুরি প্রশাসনিক কাজ পরিচালনা করেন। সেই কাজ নির্বিঘ্নে চালানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই P&AR দফতরের প্রতিটি শাখাকে ছুটির দিনগুলিতে ন্যূনতম প্রয়োজনীয় কর্মী উপস্থিত রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সেল ও শাখাকে আগাম রোস্টার তৈরি করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তবে এই নির্দেশ আপাতত শুধুমাত্র কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে নবান্ন সূত্রে খবর।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক পরিষেবা যাতে কোনও পরিস্থিতিতেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। বিশেষ করে সপ্তাহান্ত এবং সরকারি ছুটির দিনগুলিতে গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলির সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি অর্থ দফতরের পক্ষ থেকে সরকারি ছুটির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণদিবস ছুটি এবং ১ জুলাই ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ছুটির দিনেও প্রশাসনিক পরিষেবা সচল রাখার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.