প্রথম পাতা খবর পুজো কমিটি দখলের জল্পনায় ইতি, কোনও দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না শমীক ভট্টাচার্য

পুজো কমিটি দখলের জল্পনায় ইতি, কোনও দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না শমীক ভট্টাচার্য

13 views
A+A-
Reset

নিজস্ব সংবাদদাতা:
শহরের বিভিন্ন নামী দুর্গাপুজো কমিটির নেতৃত্বে বিজেপি নেতা, সাংসদ বা বিধায়কদের দেখা যেতে পারে— এমন জল্পনা রাজনৈতিক মহলে জোরদার হয়েছিল। বিশেষ করে কলেজ স্কোয়ারের দুর্গাপুজো কমিটির সভাপতি হিসেবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নাম ঘিরে আলোচনা শুরু হয়। তবে সেই জল্পনায় কার্যত ইতি টানলেন শমীক নিজেই।

সোমবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি স্পষ্ট জানান, শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটিরই সভাপতি তিনি হচ্ছেন না। কোনও পুজোর পরিচালনার দায়িত্বও নেবেন না বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

শমীক লেখেন, “কলেজ স্কোয়্যারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়্যার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না।”

সূত্রের খবর, কলেজ স্কোয়ার দুর্গাপুজো কমিটির তরফে তাঁকে সভাপতি হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। যদিও খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। তবে কমিটির কোনও পদে থাকবেন না।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত রাজনৈতিক দায়িত্ব পালনই এখন অগ্রাধিকার। পুজো কমিটি বা ক্লাব দখল করা বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয় বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে দলের নেতা, বিধায়ক ও সাংসদদের উদ্দেশেও বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি লেখেন, “এক জন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।”

শমীকের মতে, দুর্গাপুজোর সর্বজনীন চরিত্র ও স্বাধীনতা বজায় রাখা জরুরি। সেই কারণেই রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে পুজো কমিটিগুলিকে স্বাধীনভাবেই কাজ করতে দেওয়া উচিত। রাজ্যের দুর্গাপুজোগুলির স্বাতন্ত্র্য ও সর্বজনীন ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার স্বার্থেই বিজেপির এই অবস্থান বলে তিনি জানিয়েছেন।

রাজনৈতিক পালাবদলের পর শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুজো কমিটির দায়িত্বে কারা থাকবেন, তা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, শমীক ভট্টাচার্যের এই ঘোষণার পর তা অনেকটাই প্রশমিত হবে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.