দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের আবহ এবার পৌঁছতে চলেছে কলকাতায়। ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবার শহরে একটি মিছিলের আয়োজন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি ইমেল লালবাজারে পৌঁছেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত ১৯ এবং ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন)-এর কাছে ইমেল পাঠিয়ে মিছিলের অনুমতি চেয়েছেন দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য বলে পরিচয় দিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত একটি মিছিলের আয়োজন করতে চায় সিজেপি। ওই মিছিলে প্রায় ১,৫০০ জন অংশ নিতে পারেন বলেও পুলিশের কাছে পাঠানো ইমেলে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকেও আবেদনপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত মিছিলের জন্য আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
এ বিষয়ে দেদীপ্য গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি। অনুমতি না পেলে কর্মসূচি হবে কি না— এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও আমরা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।”
তবে পুলিশ সূত্রের খবর, অনুমতি দেওয়া হোক বা না হোক, সম্ভাব্য জমায়েতের কথা মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে, যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।
সিজেপির দাবি, কলকাতার ছাত্র-যুব সমাজের সকলকেই এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা-দুর্নীতি বা অন্য কোনও দুর্নীতির অভিযোগে যাঁদের নাম জড়িয়েছে, তাঁদের এই মিছিল থেকে দূরে থাকার অনুরোধও জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।
দিল্লিতে নিট-সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে চলা আন্দোলনের জেরে ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সেই আবহে কলকাতায় সিজেপির সম্ভাব্য কর্মসূচি ঘিরেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।