কলকাতা: বাড়ি নির্মাণের সময় রাস্তার উপর ইট, বালি, পাথর বা অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখলে এবার জরিমানা গুনতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর, বালি, ইট ফেলে রাখছে, এটা হবে না। আমরা জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভিতরে এই সমস্ত জিনিস রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।”
এদিন তিনি আরও জানান, যাঁরা ফাঁকা জমি কিনে রেখে দিয়েছেন, সেই জমি পরিষ্কার রাখার দায়িত্বও সংশ্লিষ্ট মালিকের। ঝোপঝাড়, নালা-নর্দমা বা জল জমে থাকলে তা থেকে ডেঙ্গির মতো রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই জমি দীর্ঘদিন ফেলে রাখা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
মন্ত্রী বলেন, “আমি ৩০ বছর পর বাড়ি বানাব, আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা-নর্দমা, পুকুর থাকবে, তা হবে না। বাড়ি, বাড়ির সামনের জায়গা বা বাগান পরিষ্কার করা যেমন আপনার দায়িত্ব, তেমনই ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। আপনার ফাঁকা জমির জন্য বাড়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না।”
এদিকে, সম্প্রতি বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিল রাজ্য সরকার। অগ্নিমিত্রা পাল বলেন, নির্দিষ্ট পার্কিং এলাকাতেই গাড়ি রাখতে হবে। এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে পার্কিংয়ের জন্য নতুন একটি অ্যাপ চালু করার প্রস্তুতি চলছে।
তিনি ফের সতর্ক করে বলেন, ফুটপাথে গাড়ি বা মোটরবাইক পার্ক করলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। হকারদের উদ্দেশে তাঁর বার্তা, পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিতে হবে।
তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দুর্গাপুজো পর্যন্ত কোথাও হকার উচ্ছেদ করা হবে না। তার আগে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।