কলকাতা: ভোর থেকেই বৃষ্টির দাপটে ভিজছে কলকাতা। কখনও ঝিরিঝিরি, কখনও আবার ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনভর কলকাতায় এমনই আবহাওয়া বজায় থাকবে। ক্ষণে ক্ষণে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিনও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। রাজস্থানের বীকানের থেকে বিহারের পাটনা হয়ে মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত এই অক্ষরেখা প্রসারিত। পাশাপাশি উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।