প্রথম পাতা খবর ১৭ অগস্ট বিশেষ অধিবেশনের সম্ভাবনা, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে তৎপর কেন্দ্র

১৭ অগস্ট বিশেষ অধিবেশনের সম্ভাবনা, ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে তৎপর কেন্দ্র

8 views
A+A-
Reset

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও অচলাবস্থার মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের খবর, ১৩ অগস্ট বাদল অধিবেশন শেষ হওয়ার পরই সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সম্ভাব্য সেই অধিবেশনে ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা ও তা পাশ করানোর চেষ্টা করবে নরেন্দ্র মোদী সরকার।

সূত্রের দাবি, বাদল অধিবেশন শেষ হলেও সংসদ আপাতত মুলতুবি নাও করা হতে পারে। এতে প্রয়োজন পড়লে খুব অল্প সময়ের নোটিসে বিশেষ অধিবেশন ডাকা সম্ভব হবে। জানা গিয়েছে, সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। সেই সমর্থন নিশ্চিত হলেই ১৭ অগস্ট বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল-কে একত্রিত করে ১৩১তম সংবিধান সংশোধনী বিল হিসেবে আনা হয়েছিল। তবে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত তিন দিনের বিশেষ অধিবেশনে লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় বিলটি পাশ হয়নি। সে সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র লোকসভা কিংবা রাজ্যসভা—কোনও কক্ষেই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল না।

বদলেছে রাজনৈতিক সমীকরণ

এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লোকসভা ও রাজ্যসভায় বিজেপির অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। ফলে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানও অনেকটাই কমেছে।

বর্তমানে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় ৩৬০ জন সাংসদের এবং রাজ্যসভায় ১৬৪ জন সদস্যের সমর্থন প্রয়োজন।

ডিএমকের সমর্থন পেতে তৎপর বিজেপি

সরকারি সূত্রের দাবি, বিজেপি এখন ডিএমকের লোকসভার ২২ জন সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে। ইন্ডিয়া জোটে কংগ্রেস ও ডিএমকের সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সমীকরণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তবে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস তামিলনাড়ুতে অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। অতীতে ডিএমকে এই প্রস্তাবের বিরোধিতাকেই রাজনৈতিকভাবে জোরালোভাবে তুলে ধরেছিল। ফলে ১৩১তম সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে শেষ পর্যন্ত এম কে স্ট্যালিনের দল কেন্দ্রকে সমর্থন করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.