প্রথম পাতা খবর অন্নপূর্ণা যোজনার টাকা কবে? মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১৭ অগস্ট থেকেই অ্যাকাউন্টে ৩ হাজার টাকা

অন্নপূর্ণা যোজনার টাকা কবে? মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১৭ অগস্ট থেকেই অ্যাকাউন্টে ৩ হাজার টাকা

10 views
A+A-
Reset

কলকাতা: চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছানোয় বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ১৭ অগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ অগস্ট নারী ও শিশুকল্যাণমন্ত্রী মালতী রাভা রায়-কে সঙ্গে নিয়ে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানে আবেদনপত্র যাচাই (স্ক্রুটিনি) কীভাবে চলছে, কারা প্রকল্পের সুবিধা পাবেন এবং যোগ্যতার মানদণ্ড কী—সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি দূর করতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলেও উপভোক্তার সংখ্যা নিয়ে একাধিক অসঙ্গতি ছিল। পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জন ৫০০ টাকা করে পেলেও পরে প্রকল্পের অর্থপ্রদান অনিয়মিত হয়ে পড়ে। ২০২২ সালের এপ্রিল মাসে ফেব্রুয়ারি ও মার্চের টাকা একসঙ্গে দেওয়া হয় এবং তখন ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ জন উপভোক্তা টাকা পান। পরে আবার অর্থপ্রদান বন্ধ হয়ে যায়। একই বছরের জুলাই মাসে মাত্র ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ জন টাকা পেয়েছিলেন বলে তাঁর দাবি।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সমস্ত শর্ত পূরণ করা প্রত্যেক মহিলাই প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। তবে নতুন প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে আবেদনপত্রের স্ক্রুটিনির কাজ চলছে এবং খুব দ্রুত সেই প্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও জানান, গত ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের যোগ্যতা যাচাই সম্পূর্ণ হলে ১৭ অগস্ট থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এরপর প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত অর্থপ্রদান করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.