প্রথম পাতা খবর কলকাতায় ২০৯, হাওড়ায় ৬৮ ওয়ার্ডের প্রস্তাব, ১২ অগস্ট বিশেষ অধিবেশনে সংশোধনী বিল আনছে রাজ্য

কলকাতায় ২০৯, হাওড়ায় ৬৮ ওয়ার্ডের প্রস্তাব, ১২ অগস্ট বিশেষ অধিবেশনে সংশোধনী বিল আনছে রাজ্য

9 views
A+A-
Reset

কলকাতা: কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়াতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে আগামী ১২ অগস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডেকে সংশোধনী বিল পেশ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমান ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ এবং হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনে সংশোধন আনতেই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষমতায় আসার পরই তিনি ঘোষণা করেছিলেন যে কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সম্পন্ন করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যেই দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

রাজ্য সরকারের মতে, সংশোধনী বিল পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরসভা নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

তবে সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই আপত্তি তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে খসড়া তালিকা প্রকাশ করে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া গণতান্ত্রিক রীতি। কিন্তু কলকাতা ও হাওড়া পুরসভার ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এই বিতর্কের মধ্যেই বুধবার কলকাতা পুরসভার কমিশনার তথা বর্তমান প্রশাসক স্মিতা পাণ্ডে-র কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানতে চান, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে রাজনৈতিক দলগুলির মতামত আদৌ নেওয়া হয়েছে কি না।

ফলে ১২ অগস্টের বিশেষ অধিবেশনে সংশোধনী বিল পেশ ও পাশ করানোর পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাসের স্বচ্ছতা এবং প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.