কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোমবার তাঁদের বাড়ির ঠিকানায় এমন একটি চিঠি পৌঁছয় বলে অভিযোগ। ঘটনার পর ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য সোমবার থানায় গিয়ে অভিযোগ জানান। অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে গঙ্গোপাধ্যায় পরিবারের উদ্দেশে একাধিক হুমকি-চিঠি আসছিল। প্রথম দিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি পরিবারের সদস্যরা। কিন্তু সোমবারের চিঠিতে সৌরভ এবং ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
ছ’মাস ধরে আসছিল বেনামি চিঠি
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রায় ছ’মাস ধরে ইংরেজিতে লেখা বেনামি চিঠি পাঠানো হচ্ছিল সৌরভকে। প্রথম দিকের চিঠিগুলিতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হত বলে অভিযোগ। পরিবার বিষয়টিকে গুরুত্ব না দিলেও সাম্প্রতিক চিঠিতে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে বলে মনে করা হচ্ছে।
সৌরভ-ডোনাকে নিয়ে ঘৃণাভাষণ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার কথা ঠাকুরপুকুর থানার পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে।
চিঠির প্রেরক কে? খতিয়ে দেখছে পুলিশ
চিঠিতে একটি ফোন নম্বর উল্লেখ ছিল বলে অভিযোগ। সেই নম্বরটি ‘Truecaller’-এ যাচাই করার পর ‘অরুণ কুমার’ নামে একটি পরিচয় সামনে আসে বলে গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে ওই ব্যক্তি সত্যিই চিঠিগুলির প্রেরক কি না, তা এখনও নিশ্চিত নয়।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চিঠির উৎস, ফোন নম্বর এবং প্রেরকের পরিচয় সম্পর্কে তদন্ত করা হচ্ছে।
এর আগেও হুমকি পেয়েছিলেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এর আগেও খুনের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। ২০১৭ সালে নির্মাল্য মাইতি নামে এক যুবককে সৌরভকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
বর্তমান ঘটনায় গঙ্গোপাধ্যায় পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে হুমকি-চিঠির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে।