প্রথম পাতা খবর শ্রাবণের শেষেও নিম্নচাপের ভ্রুকুটি, মঙ্গলবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

শ্রাবণের শেষেও নিম্নচাপের ভ্রুকুটি, মঙ্গলবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

7 views
A+A-
Reset

শ্রাবণের শেষবেলাতেও কাটছে না বৃষ্টির দুর্যোগ। সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক রাস্তা। ‘মেঘভাঙা বৃষ্টি’র মতো পরিস্থিতিতে অফিস ফেরত যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। এর মধ্যেই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরেই এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। বিকানীর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা, ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

এর জেরে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিকে কলকাতায় মঙ্গলবার ও বুধবার কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ থেকে ৯৯ শতাংশ। সোমবার কলকাতায় মোট ৬২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.