প্রথম পাতা খবর বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা

10 views
A+A-
Reset

বঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ঘন কালো মেঘে ঢাকা। কোথাও কোথাও সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ধীর গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বুধবার উপকূলের জেলাগুলির পাশাপাশি পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্তও এর প্রভাব থাকার আশঙ্কা রয়েছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ।

তবে আপাতত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির তেমন আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেই বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.