নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে এ বার কড়া ব্যবস্থা নেবে পুলিশ। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে নিয়ে ‘অপমানজনক, মিথ্যা ও অপপ্রচারমূলক’ পোস্ট করা ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে পোস্ট মুছে ফেলা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নেতাজিকে নিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রীর এ দিনের নির্দেশের পর প্রশ্ন উঠছে, অনন্ত মহারাজের বিরুদ্ধেও কি পুলিশ ব্যবস্থা নেবে?
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা সোশাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, পুলিশকে তাদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি।’’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে এবং অসম্মানজনক পোস্ট মুছে ফেলতে হবে। তবে পোস্ট মুছে ফেললেই যে আইনি ব্যবস্থা থেকে রেহাই পাওয়া যাবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পোস্ট ডিলিট করলেও পুলিশ নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবস্থা নেবে।
পুলিশকে এই বিষয়ে স্বাধীন ভাবে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে এবং কেউ হস্তক্ষেপ করবে না। নেতাজিকে অসম্মানের ঘটনায় ‘কঠোর এবং কঠিন’ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই অনন্ত মহারাজকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করে কি না, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
তবে নির্দিষ্ট কোনও ব্যক্তির নাম না করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, নেতাজিকে অসম্মানের ঘটনায় কেউ আইনের ঊর্ধ্বে নন। ফলে বিতর্কিত পোস্ট বা মন্তব্যের ক্ষেত্রে আগামী দিনে পুলিশ কী পদক্ষেপ করে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।