প্রথম পাতা খবর প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন

6 views
A+A-
Reset

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন। রবিবার সকাল ১০টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী।

বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন রাজা সেন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। ফুসফুসে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। গত সোমবার তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এসএসকেএমে চিকিৎসাধীন অবস্থায় পরিচালকের কিডনিতেও সমস্যা দেখা দেয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বেশ কয়েক বার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। রবিবার ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল বলে জানিয়েছেন পাপিয়া অধিকারী।

পাপিয়া বলেন, “আর একবার কার্ডিয়াক অ্যারেস্ট হল। ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল হচ্ছিল। চিকিৎসকেরা খুবই চেষ্টা করেছিলেন। তা-ও শেষরক্ষা হল না।”

রাজা সেনের স্ত্রী পাপিয়া সেন জানিয়েছেন, মৃত্যুর আগে পরিবারের সদস্যরা হাসপাতালে ছিলেন। তিনি বলেন, “আধ ঘণ্টা আগে চলে গেলেন। আমার ভাসুর এসেছেন মুম্বই থেকে। আমার দাদা সব্যসাচী চক্রবর্তী আছেন। আমার ছোটমেয়ে আছে। বড়মেয়ে জার্মানিতে থাকে। সদ্য বাবাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেল। এক্ষুনি আর আসতে পারবে না। আমার দাদা, ভাসুর আর মেয়ে মিলে যা ঠিক করবে, সেরকমই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজা সেনের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে বাংলা ছবির পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বহু মানুষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.