প্রথম পাতা খবর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে আপাতত রেহাই নেই! তিন জেলায় লাল সতর্কতা

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে আপাতত রেহাই নেই! তিন জেলায় লাল সতর্কতা

10 views
A+A-
Reset

টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও একই পরিস্থিতি। আপাতত রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বেড়েছে। মঙ্গলবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চলটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়। এরপর সেটি ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসে। সোমবার সকাল সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটির অবস্থান ছিল কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে। বর্ধমান থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং বাঁকুড়া থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল সেটি।

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।

তিন জেলায় লাল সতর্কতা

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী থেকে অতি তীব্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার পরেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার থেকে কমবে বৃষ্টির দাপট

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি থামছে না। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এদিকে সমুদ্রও আপাতত উত্তাল থাকবে। সমুদ্রে দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। হাওয়ার স্বাভাবিক গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। তাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গেও আপাতত স্বস্তি নেই। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট চলতে পারে।

মঙ্গল ও বুধবার ওই তিন জেলা ছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও হালকা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.