প্রথম পাতা খবর সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজ, অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতার করল CID

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজ, অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতার করল CID

15 views
A+A-
Reset

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়কে গ্রেফতার করল রাজ্য পুলিশের CID। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এরপর সুমিতকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় CID।

শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিতকে গ্রেফতার করা হয়েছে বলে CID সূত্রে জানা গিয়েছে। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হতে পারে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে পারে তদন্তকারী সংস্থা।

সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজের পরই অভিযান

বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় CID-এর দল। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী।

তদন্তকারীরা বাড়িতে ঢোকার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাগ্‌বিতণ্ডা হয় বলে জানা গিয়েছে। পরে গেট খুলে ভিতরে ঢোকেন CID আধিকারিকেরা। সেখানেই সুমিতকে দেখতে পাওয়া যায়। তাঁকে ঘিরে ফেলে পুলিশ এবং পরে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে।

বিধানসভায় সুমিতকে নিশানা মুখ্যমন্ত্রীর

সুমিতের গ্রেফতারি নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সুমিতকে ‘প্রসিদ্ধ তোলাবাজ’ বলে কটাক্ষ করেন।

মুখ্যমন্ত্রীর দাবি, “সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, ১২১, কালীঘাট রোড থেকে রাজ্য পুলিশের CID সুমিতকে গ্রেফতার করেছে।

এখন সুমিতকে মেদিনীপুর আদালতে তোলার পর CID কী আবেদন করে এবং আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.