প্রথম পাতা খবর জোড়াফুলের বদলে ফুটবলার, নতুন লোগো প্রকাশ মমতা তৃণমূলের

জোড়াফুলের বদলে ফুটবলার, নতুন লোগো প্রকাশ মমতা তৃণমূলের

7 views
A+A-
Reset

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে পুরনো দলের নাম ও জোড়াফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর নতুন লোগো প্রকাশ করল মমতা তৃণমূল। লোগোর কেন্দ্রে রয়েছে কমিশনের বরাদ্দ করা নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। চারদিকে নীল প্রেক্ষাপটে সাদা হরফে লেখা হয়েছে দলের নতুন নাম— ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। লোগোয় নীলের পাশাপাশি গেরুয়া, সাদা ও সবুজ রঙের ব্যবহার রয়েছে।

নির্বাচন কমিশন গত ১৮ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেয়। অন্য গোষ্ঠীকে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামের সঙ্গে ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে। এই নাম ও প্রতীকগুলি আপাতত উপনির্বাচনের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নির্ধারিত।

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফলে নতুন প্রতীক নিয়ে ভোটারদের মধ্যে প্রচার শুরু করার উদ্যোগ নিয়েছে মমতা তৃণমূল। দলের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের নিজেদের সমাজমাধ্যম ও অন্যান্য মাধ্যমে নতুন লোগো প্রকাশ করে প্রতীকটি ভোটারদের পরিচিত করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সোমবার থেকেই মমতা তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়ক সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেন। দলের তরফে নতুন প্রতীকটি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন বদলাল নাম ও প্রতীক?

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দলীয় নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। দুই গোষ্ঠীকেই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব জমা দিতে বলা হয়।

পরের দিন কমিশন দুই শিবিরের অন্তর্বর্তী নাম ও প্রতীক চূড়ান্ত করে। মমতা শিবির পায় ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ ও ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক। ঋতব্রত শিবির পায় ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ ও ‘খাম’ প্রতীক।

এদিকে, কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি দ্রুত তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে।

অর্থাৎ, নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত বদল না হলে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে মমতা শিবিরকে জোড়াফুলের পরিবর্তে ফুটবল খেলোয়াড় প্রতীকেই ভোটের ময়দানে নামতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.