পঙ্কজ চট্টোপাধ্যায়
মহাকালের কী অপূর্ব যোগাযোগ! ১৮৮১ সালে প্রকাশিত হল ২০ বছরের সদ্য যুবক রবীন্দ্রনাথের গীতিকাব্য ‘ভগ্নহৃদয়’।
১৮৮২-৮৩ সাল। ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য তখন মহারানি ভানুমতী দেবীর প্রয়াণে শোকে কাতর। বৃন্দাবনে মহারানির প্রিয়তমার পারলৌকিক কাজ সমাধা করে মহারাজা ফিরলেন ত্রিপুরায়। বিরহী মন নিবিষ্ট হল সাহিত্য ও কাব্যচর্চায়। সেই সময়েই মহারাজার হাতে এল রবিঠাকুরের সদ্য প্রকাশিত ‘ভগ্নহৃদয়’। মহারাজা যেন দেখতে পেলেন তাঁরই অন্তরবেদনার বিষণ্ণ কথা। আপ্লুত মহারাজ তাঁর সচিব এবং বৈষ্ণব সাহিত্যের প্রাজ্ঞ পণ্ডিত রাধারমণ ঘোষকে নিজের প্রতিনিধি হিসাবে পাঠালেন কলকাতার জোড়াসাঁকোর রবিবাবুর কাছে। আবেদন নিবেদিত হল—কবিকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রার্থনা। সেই প্রার্থনায় সাড়া দিয়ে সেই প্রথম রবীন্দ্রনাথের ত্রিপুরায় যাওয়া।
১৮৯৬ সালে বীরচন্দ্রের প্রয়াণের পর রাজা হন পুত্র রাধাকিশোর মাণিক্য। রাধাকিশোরের ১২ বছরের রাজত্বকালে রবীন্দ্রনাথ ত্রিপুরায় গিয়েছিলেন পাঁচ বার। এই আসা-যাওয়ার সুবাদে বিশ্বকবি ত্রিপুরার আত্মার আত্মীয় হয়ে গিয়েছিলেন। সেখানকার নানা ইতিহাস, জীবনযাপন ও সংস্কৃতি তিনি বিভিন্ন লেখায় পরবর্তীতে উপস্থিত করেছেন।
তিনি ত্রিপুরার রাজকীয় ইতিহাসের আকর গ্রন্থ, যা পঞ্চদশ শতকে মহারাজা ধর্মমাণিক্যের সময়ে লেখা শুরু হয়েছিল, সেই ‘রাজমালা’ গ্রন্থটি পড়েছিলেন অতি আগ্রহসহকারে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘বিসর্জন’ নাটক, ‘রাজর্ষি’ উপন্যাস, ‘মুকুট’ নাটিকা। লিখেছেন গান, কবিতা।
এই সৃষ্টি থেকে উঠে এলো রাষ্ট্রশক্তির দোর্দণ্ডপ্রতাপের কথা, উঠে এলো অন্ধ, কঠিন, কঠোর ধর্মান্ধতা এবং তার সঙ্গে মানবিক মূল্যবোধের দ্বন্দ্ব।
রাজপুরোহিত রঘুপতির অদম্য আত্ম-অহমিকার জেদি মনোভাবে অসহায় প্রাণী, অবলা জীবের হত্যায় অহেতুক বলির প্রথার বিরুদ্ধে জয় সিংহের প্রতিবাদ এক অনন্যসাধারণ ঐতিহাসিক বিষয় নিয়ে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন মানবিক মূল্যবোধের শুভ সূচনা ‘বিসর্জন’ নাটকে। তিনি দেখিয়েছেন, যে ধর্ম কখনওই রাজনৈতিক ক্ষমতার দাম্ভিকতাকে আমল দেয় না, দিতে শেখায় না। সে চায় না হিংসা, সে চায় না হত্যার নিষ্ঠুরতা। তবু বিভিন্ন ধর্মের ভিতরে তাদের অন্ধ সংস্কারের উগ্রতা যুগে যুগে মানুষকে অমানুষ করে তোলে। যা মানুষের সভ্যতাকে কলুষিত করে। মানুষের তথা জীবের জীবন এবং ভালোবাসার চেয়ে মহান কিছুই নয় এই জগতে। যদি কখনও তা লঙ্ঘিত হয়, তখন মানবসভ্যতায়, সমাজে নেমে আসে ধ্বংসের কালো ছায়া।
এই অপকর্মের, অপচেষ্টার বিরুদ্ধেই রবীন্দ্রনাথের চিরশাশ্বত প্রয়াস।
আমাদের কাছে যা অতি মূল্যবান পাথেয়। ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের এই ঐতিহাসিক পরিচিতি আমাদের বিশ্বসাহিত্যে একাধিক অনন্যসাধারণ উপন্যাস, নাটক, নাটিকা, কবিতা উপহার দিয়ে গেছে। যা চিরন্তন, চিরকালীন।