ল্যান্ডফলের পর ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার রাতেই ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। শনিবার আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ ইতিমধ্যেই কমেছে। তবে শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। একই সঙ্গে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ার ইঙ্গিতও রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রাতেও হেরফের হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতাতেও ক্রমশ আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। সোমবারের পর থেকে তাপমাত্রার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। কমতে পারে রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস।