গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বিধায়ককে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
জেলা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বসিরহাতের হাসপাতালে সিসিইউ-তে ভর্তি ছিলেন বিধায়ক। কিন্তু কয়েক ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রেখা পাত্র। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে। সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন।
সূত্রের খবর, বসিরহাত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রেখা পাত্রের জ্ঞান ছিল না। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। স্যালাইনও চলছিল। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়া ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। অসুস্থতার কারণ নিয়ে জেলা নেতৃত্ব, পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের তরফেও প্রকাশ্যে কোনও মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়নি।
সন্দেশখালির তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছিল রেখা পাত্রের। পরে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও বসিরহাট কেন্দ্রে তিনি জয়ী হতে পারেননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি।
কিছুদিন আগে জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রেখা। জেলার বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না বলে অভিযোগ করেছিলেন তিনি। বর্তমানে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দলের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে।