কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে কলকাতা পুরভোট ঘোষণার উপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে। আগামী ৩০ নভেম্বর, সোমবার মামলার পরবর্তী শুনানি।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে শীর্ষ আদালত জানায়, মামলাটি ফের হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানো হবে। সেখানে মামলার বিভিন্ন আইনি ও তথ্যগত দিক বিবেচনা করে নতুন করে উপযুক্ত নির্দেশ দেওয়া যেতে পারে।
প্রধান বিচারপতির বেঞ্চের প্রস্তাব অনুযায়ী, হাই কোর্টের একক বেঞ্চের বিতর্কিত নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ থাকবে। ডিভিশন বেঞ্চ এই মামলার বিষয়গুলি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাব শোনার পর আগামী সোমবার মামলার শুনানির আবেদন করেন তিনি। ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান সলিসিটর জেনারেল। তাঁর আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর।
সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল রাজ্য বিধানসভায় পাস হয়েছে। এই পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের হয় হাই কোর্টে।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি ভাবে হয়েছে, এই অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। হাওড়ার ক্ষেত্রেও একই অভিযোগে মামলা করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়ার প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা এখনও হাই কোর্টে রয়েছে।
গত ৬ নভেম্বর কলকাতা পুরভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
এর আগে শুনানিতে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, হাই কোর্টের মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি ছিল ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। রাজ্যের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি।
ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে আপত্তি শোনার জন্য রাজ্য সরকার ১০ জন আধিকারিক নিয়োগ করেছিল বলেও আদালতে জানান সলিসিটর জেনারেল। তাঁর দাবি, ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়েছিল, দু’দফায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল এবং সর্বদল বৈঠকও হয়েছিল।
শুনানিতে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসে রাজ্য সরকারের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। বুধবার সেই মামলাতেই ফের হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়।