প্রথম পাতা খবর নিম্নচাপের প্রভাব কাটতেই কলকাতায় ৩ ডিগ্রি পারদপতন, শীতের আমেজ রাজ্যে

নিম্নচাপের প্রভাব কাটতেই কলকাতায় ৩ ডিগ্রি পারদপতন, শীতের আমেজ রাজ্যে

11 views
A+A-
Reset

নিম্নচাপের প্রভাব কাটতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার সকালে এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ অনুভব করছেন রাজ্যবাসী। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাব কাটার পর রাজ্যে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।

মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও তাপমাত্রা কমেছে। তবে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট বাড়ছে বিভিন্ন জেলায়। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাস।

আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কমার ফলে রাজ্যে শীতের আমেজ আরও বাড়তে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.