প্রথম পাতা খবর হেলমেট না থাকলে বাইক-স্কুটি পার্কিংয়ে নিষেধাজ্ঞা? আরও কড়া হচ্ছে লালবাজার

হেলমেট না থাকলে বাইক-স্কুটি পার্কিংয়ে নিষেধাজ্ঞা? আরও কড়া হচ্ছে লালবাজার

12 views
A+A-
Reset

হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালানো ঠেকাতে আরও কড়া পদক্ষেপের পরিকল্পনা করছে কলকাতা পুলিশ। এ বার হেলমেট না থাকলে বাইক বা স্কুটি পার্কিং করতে দেওয়া হবে না বলে জানিয়েছে লালবাজার। পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বাইকচালকদের সচেতন করতে কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় শুরু হয়েছে কাউন্সেলিং কর্মসূচিও।

পুলিশ সূত্রে খবর, বাইক বা স্কুটি চালানোর সময় হেলমেট না পরার প্রবণতা এখনও অনেক চালক ও আরোহীর মধ্যে রয়েছে। কালীপুজো ও দীপাবলির সময় নাকা তল্লাশিতে ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে হেলমেট না পরে বাইক চালানোর ঘটনা বেশি নজরে এসেছে। সেই পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে লালবাজার।

এর আগে হেলমেট ছাড়া বাইক নিয়ে পেট্রোল পাম্পে গেলে তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার পার্কিংয়ের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি চালু করার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশের নির্দেশ, কোনও বাইক বা স্কুটি চালকের কাছে হেলমেট না থাকলে তাঁকে পার্কিং করতে দেওয়া হবে না।

পার্কিং করার পর চালক নিজের হেলমেট নিয়ে চলে যেতে পারেন। তবে পার্কিংয়ের সময় তাঁর কাছে হেলমেট রয়েছে কি না, তা নিশ্চিত করবেন পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা। কোনও হেলমেটবিহীন বাইক বা স্কুটি আরোহীকে পার্কিং করতে দেওয়া হলে সংশ্লিষ্ট পার্কিং কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে পুলিশ। পার্কিং লটে সিসিটিভি থাকলে সেগুলির উপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু নিয়মের কড়াকড়ি নয়, পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতেও উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। সোমবার থেকে ‘সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রাম’-এর আওতায় শহরের প্রত্যেকটি ট্রাফিক গার্ড নিজেদের এলাকায় সচেতনতা ও কাউন্সেলিং শিবির আয়োজন করছে।

এই কর্মসূচিতে বাইকচালকদের হেলমেট পরার গুরুত্ব বোঝানো হচ্ছে। পাশাপাশি সঠিক পদ্ধতিতে হেলমেট পরা এবং স্ট্র্যাপ ঠিকমতো আটকে রাখার বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, এই সচেতনতা কর্মসূচি কয়েক সপ্তাহ ধরে চলবে। পথ নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বাইকচালকদের সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.