প্রথম পাতা খবর তৃণমূলের দুই গোষ্ঠীকে ২৭ নভেম্বর শুনানিতে ডাকল নির্বাচন কমিশন, প্রতীক ও স্বত্ব নিয়ে বিবাদ

তৃণমূলের দুই গোষ্ঠীকে ২৭ নভেম্বর শুনানিতে ডাকল নির্বাচন কমিশন, প্রতীক ও স্বত্ব নিয়ে বিবাদ

5 views
A+A-
Reset

তৃণমূল কংগ্রেসের স্বত্ব ও প্রতীক নিয়ে বিবাদ নিষ্পত্তির প্রক্রিয়ায় এ বার শুনানির পর্ব। আগামী ২৭ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। ওই দিন বিকেল ৪টেয় শুনানি হবে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটের পর আড়াআড়ি ভাবে বিভক্ত তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের যুক্তি ও প্রয়োজনীয় নথি কমিশনে জমা দিয়েছিল। এ বার সেই নথির ভিত্তিতে শুনানি হতে চলেছে।

এর আগে দু’পক্ষের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যৌথ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে শুনানি স্থগিত রাখার কথা জানানো হয়েছিল। তার পর গত ৫ নভেম্বরের মধ্যে গণতান্ত্রিক তৃণমূল এবং ১৫ নভেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল নিজেদের নথি জমা দেয় কমিশনে। তবে দলের স্বত্ব ও প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ ইতিমধ্যে থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সাংগঠনিক স্তরে কার কত সমর্থন রয়েছে, সেই তথ্যও হলফনামার মাধ্যমে জমা দিতে বলা হয়েছিল।

কিন্তু গত ৩০ অক্টোবর প্রয়োজনীয় হলফনামা জমা দেওয়ার জন্য গণতান্ত্রিক তৃণমূলকে আরও ১০ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকেও পাল্টা হলফনামা দেওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই কারণে সে দিন নির্বাচন কমিশনের শুনানিও স্থগিত হয়ে যায়।

ইতিমধ্যে দুই পক্ষ হলফনামা ও প্রয়োজনীয় তথ্য কমিশনে জমা দিয়েছে। নিয়মমাফিক এ বার দুই গোষ্ঠীকে শুনানিতে ডাকা হচ্ছে। ২৭ নভেম্বরের শুনানিতে দুই পক্ষের বক্তব্য শোনার পর তৃণমূলের স্বত্ব ও প্রতীক নিয়ে বিবাদের নিষ্পত্তির প্রক্রিয়া কতটা এগোয়, সে দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.