দার্জিলিং পাহাড়ে পর্যটকদের আকর্ষণ বাড়াতে আগামী ৯ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচদিনের ‘তিস্তা ফেস্ট ২০২৬’। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। পর্যটনের বিকাশ, দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করাই উৎসবের অন্যতম লক্ষ্য। পুলিশ, রাজ্য পর্যটন দপ্তর ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে শৈল শহরকে। চৌরাস্তা ও লেবংয়ের গোর্খা স্টেডিয়ামকে কেন্দ্র করে মূল আয়োজন হলেও বিভিন্ন কর্মসূচি ছড়িয়ে পড়বে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের একাধিক এলাকায়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, ‘তিস্তা ফেস্ট ২০২৬’-এর উদ্দেশ্য দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, পর্যটনে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করা।
উৎসবের আগে মিরিক, কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিংয়ে চারটি প্রাক-উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের ১৪টি থানা এলাকার প্রায় দু’হাজার প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রক ব্যান্ড প্রতিযোগিতায় প্রায় ৯০টি দল নাম নথিভুক্ত করেছে। ভারত ও নেপালের ব্যান্ডগুলিও অংশ নেবে বলে জানা গিয়েছে।
এ বার উৎসবের অন্যতম আকর্ষণ ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী দার্জিলিং হিল ম্যারাথন। ইতিমধ্যেই প্রায় চার হাজার অ্যাথলেট ম্যারাথনে অংশ নিতে নাম লিখিয়েছেন বলে জানা গিয়েছে। রক ব্যান্ড প্রতিযোগিতা, একক সংগীত প্রতিযোগিতা, ফুটবল, মাউন্টেন বাইকিং, হাইকিং, বার্ড ওয়াচিং, ফিল্মমেকিং এবং স্টার্টআপ শোকেসের মতো একাধিক আয়োজন থাকছে উৎসবে।
দার্জিলিংয়ের পুলিশ সুপার ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, তিস্তা ফেস্ট ২০২৬ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। যুব সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করা এবং সামাজিক পরিবর্তনের প্রতি পুলিশের দায়বদ্ধতা তুলে ধরা এই উৎসবের অন্যতম লক্ষ্য। ‘নেশামুক্ত পাহাড়’ গড়ার বার্তাও তুলে ধরা হবে উৎসবের মাধ্যমে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে দার্জিলিং পাহাড়ে ‘মেলো টি ফেস্ট’ শুরু হয়েছিল। সঙ্গীত, চা এবং মাদকবিরোধী বার্তাকে সামনে রেখে শুরু হওয়া ওই উৎসব কয়েক বছরে জনপ্রিয়তা ও পরিধি দু’দিকেই বেড়েছে। এ বার সেই ‘মেলো টি ফেস্ট’-এর নাম পরিবর্তন করে ‘তিস্তা ফেস্ট ২০২৬’ করা হয়েছে।
দার্জিলিং পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর তিন দিনের উৎসবে প্রায় ৪৮ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। এ বার উৎসবকে ঘিরে পর্যটন, হোটেল, হোমস্টে এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রত্যাশা আরও বেশি। উৎসবের মাধ্যমে পাহাড়ের পর্যটন অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে আয়োজকদের।