প্রথম পাতা বিনোদন টালিপাড়ায় কর্মবিরতি প্রত্যাহার, ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাজ বয়কট—নিরাপত্তায় নতুন এসওপি তৈরির সিদ্ধান্ত

টালিপাড়ায় কর্মবিরতি প্রত্যাহার, ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাজ বয়কট—নিরাপত্তায় নতুন এসওপি তৈরির সিদ্ধান্ত

7 views
A+A-
Reset

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় চলা কর্মবিরতি অবশেষে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন শিল্পী ও কলাকুশলীরা। মঙ্গলবার সকালে ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’-তে বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে সিদ্ধান্ত হয়েছে, আপাতত ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কোনও কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব-সহ টলিউডের একাধিক তারকা। পাশাপাশি উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠকে যোগ দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-ও।

এই বৈঠকের মূল বিষয় ছিল শুটিং চলাকালীন শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা। সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির জেরেই এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তে জলে ডুবে মৃত্যুর কথা উঠে এলেও, শুটিংয়ে নিরাপত্তা এবং অনুমতির অভাব নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, প্রযোজনা সংস্থা প্রয়োজনীয় পুলিশি অনুমতি নেয়নি।

এই ঘটনায় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ঘটনার পরই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠানো হলেও সন্তোষজনক উত্তর না মেলায় আইনি পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।

এই প্রেক্ষিতে শনিবার রাতে শিল্পী সংগঠনগুলি অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। তবে মঙ্গলবারের বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হবে, যা শুটিংয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। শিল্পী ও কলাকুশলীদের জন্য বীমার ব্যবস্থাও চালু করার সিদ্ধান্ত হয়েছে। এমনকি চুক্তিবদ্ধ নন এমন কর্মীদের জন্যও বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হবে।

তবে যত দিন না এই নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছে, তত দিন ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিং না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, কর্মবিরতি প্রত্যাহার হলেও টলিউডে নিরাপত্তা ইস্যু এখন কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.