কলকাতা: তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ আরও মজবুত করতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কলেজ ক্যাম্পাসে পড়ুয়াদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাঁদের সঙ্গে গঠনমূলক আলোচনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে দাবি।
পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন কলেজে ‘স্ক্রিন টাইম টু গ্রিন টাইম’ এবং ‘স্ক্রিন টাইম টু মিউজিক টাইম’ নামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হবে। পাশাপাশি মনীষীদের জীবন ও ভাবনা নিয়ে আলোচনা সভা এবং সংগীতচর্চারও আয়োজন করা হবে।
এবিভিপি সূত্রে জানা গিয়েছে, কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে ‘ক্যাম্পাস চলো’ অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, পড়াশোনার পাশাপাশি শিক্ষাঙ্গনে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ।
এদিকে, তরুণ প্রজন্ম বা জেন জি-দের সঙ্গে সংলাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ও। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবত তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গিয়েছে।
এক সাম্প্রতিক বক্তব্যে মোহন ভাগবত বলেন, বর্তমান প্রজন্ম আগের মতো কোনও বিষয় অন্ধভাবে মেনে নেয় না, বরং প্রশ্ন করে বিষয়টি বুঝতে চায়। তাঁর কথায়, “আমাদের প্রজন্ম ছিল বাধ্য। কমবয়সে আমরা অনেক কিছু মেনে নিতে বাধ্য হতাম। এখনকার নবপ্রজন্ম প্রশ্ন করে সব জানতে চায়। তাই ধৈর্য সহকারে তাঁদের সব বিষয় বুঝিয়ে বলা আমাদের দায়িত্ব।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তরুণ ভোটার এবং কলেজ পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এবিভিপির এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ হতে পারে। একই সঙ্গে, তরুণদের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছেন। ফলে জেন জি-দের কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সক্রিয়তা আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।