প্রথম পাতা খবর ভোটের আগে বড় আপডেট, দ্বিতীয় দফায় তালিকায় যুক্ত ১৪৬৮ নতুন ভোটার

ভোটের আগে বড় আপডেট, দ্বিতীয় দফায় তালিকায় যুক্ত ১৪৬৮ নতুন ভোটার

5 views
A+A-
Reset

দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ১৪৬৮ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে, পাশাপাশি ৬ জনের নাম বাদও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, কলকাতা দক্ষিণে সবচেয়ে বেশি ৬৭৭ জন এবং কলকাতা উত্তরে ৫৯৬ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। এছাড়াও হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে ৮ জন এবং হুগলিতে ৭ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে।

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফায় কলকাতা-সহ সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোট হবে। নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও সাধারণ নিয়ম অনুযায়ী ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে যায়, আদালতের নির্দেশে সেই নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে নতুন ভোটারদের তালিকায় যুক্ত করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে কমিশন।

এর আগেও প্রথম দফার ভোটের আগে একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জনের নাম যুক্ত হয়েছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ৬০ লক্ষাধিক নাম যাচাইয়ের পর্যায়ে ছিল। সেই প্রক্রিয়ার পর ধাপে ধাপে নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই নতুন তালিকা প্রকাশে নির্বাচনী সমীকরণে কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.