পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের নজর এখন কলকাতায়। শুক্রবার সকালে শহরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা ১১টার কিছু পরে তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা।
বিমানবন্দর থেকে শাহ সোজা চলে যান দক্ষিণেশ্বর কালীমন্দিরে যান। সেখানে পুজো দেওয়ার পর তিনি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছন। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের জল্পনা, সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম।
বিজেপি সূত্রে খবর, বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচন করতেই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসেছেন অমিত শাহ। এই কাজে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহন চরণ মাঝি। বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, নির্বাচনের পরে নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করা হয়। এ বার যেহেতু বিজেপি সরকার গঠনের পথে, তাই পরিষদীয় দলনেতাই হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুভেন্দু অধিকারীর নামেই শেষ পর্যন্ত সিলমোহর পড়তে পারে। যদিও বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এরপর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন নির্বাচিত নেতা। শাহ শুক্রবার রাতে নিউ টাউনের হোটেলেই থাকবেন। শনিবার সেখান থেকে তিনি সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন, যেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।