প্রথম পাতা খবর আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্যের, হবে ডিএনএ পরীক্ষা

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্যের, হবে ডিএনএ পরীক্ষা

35 views
A+A-
Reset

কলকাতা: দক্ষিণ কলকাতার আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করেন। তবে মৃতদেহগুলি অগ্নিদগ্ধ হয়ে বিকৃত হয়ে যাওয়ায়, ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পরই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মৃতদেহ শনাক্তকরণে আদালতের দ্বারস্থ পুলিশ

মঙ্গলবার পর্যন্ত আনন্দপুরের নাজিরাবাদের ওই দুই গুদাম থেকে মোট ৮ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত ১৪ জন নিখোঁজ বলে অভিযোগ জমা পড়েছে। তবে উদ্ধার হওয়া দেহগুলি চেনার উপায় নেই। তাই নিয়ম মেনে ডিএনএ পরীক্ষার জন্য আগামীকাল আদালতের কাছে অনুমতি চাওয়া হবে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই আর্থিক সাহায্য সরাসরি পরিবারের হাতে পৌঁছাবে।

ঘটনার তদন্তে পুলিশ

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এটি অত্যন্ত ভয়াবহ এবং দুঃখজনক ঘটনা। অনেক মানুষের প্রাণ গিয়েছে। পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত করছে। ফরেনসিক ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। নিখোঁজদের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে।” ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গুদাম দুটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিয়ন্ত্রণে আগুন, বাড়ছে মৃত্যুশঙ্কা

গত রবিবার ভোররাত ৩টে নাগাদ নাজিরাবাদের ওই গুদামে আগুন লাগে। দীর্ঘ দেড় দিনের লড়াইয়ের পর মঙ্গলবার সকালে দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সরকারিভাবে ৩ জনের মৃত্যুর কথা জানানো হলেও, আজ আরও ৮ জনের দেহাংশ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এখনও অন্তত ১৫ জন নিখোঁজ বলে দাবি করছেন স্থানীয়রা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.